সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৩০ পিএম
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পুনর্বিবেচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম দুপুরে সাংবাদিকদের এই বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। জবাবে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে দেশের জ্বালানি খাতে শেভরনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে রাষ্ট্রপতি মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব ও সমতার নীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন