বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কড়া বার্তা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম

উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কড়া বার্তা

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।

জবাবদিহির ঘাটতি ও দুর্বল সম্ভাব্যতা সমীক্ষাই এই সংকটের প্রধান কারণ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কেবল একটি কারণে নয়, বরং দুর্বল সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না থাকা, জমি অধিগ্রহণে বিলম্ব ও ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার মতো একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জটিলতা বাড়ায়। এই প্রবণতা বন্ধে নতুন প্রকল্প অনুমোদনের আগেই নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা নিশ্চিত করা এবং বাস্তবায়ন প্রস্তুতি দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তদারকিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে। নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠপর্যায়ে নজরদারি আগের চেয়ে জোরদার করা হয়েছে।

সময়মতো শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্ব, অনিয়ম ও ব্যয় বৃদ্ধির কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেগুলোর উপযোগিতা বিবেচনা করে পুনর্বিন্যাস বা স্কোপ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিচ্ছিন্নভাবে কাজ না করে সমন্বিত কর্মসূচির অধীনে গুচ্ছ প্রকল্প গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ ও সেবা সংযোগ স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে।

সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা হালনাগাদ করা হচ্ছে। এছাড়া দক্ষ ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যমান নীতিমালা সংশোধনের কাজ চলছে।