অক্টোবর ৭, ২০২৬, ০২:৫৯ পিএম
রাজধানীর ফুটপাত ও প্রধান সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে সরাসরি মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি দেখতে পান, করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের হাঁটার ফুটপাত ও প্রধান সড়ক দখল করে অস্থায়ী দোকানপাট বসিয়েছেন হকাররা। এতে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন তিনি। উপস্থিত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই জনগণের চলাচলের পথ অবরুদ্ধ করতে দেওয়া হবে না।
তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, কেউ যেন পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে অস্থায়ী দোকান কিংবা পসরা বসাতে না পারে, সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি চালাতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি। ডিএনসিসি জানিয়েছে, ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঝটিকা পরিদর্শন ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন