বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সংসদীয় কমিটির বৈঠক

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৬:০৬ পিএম

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক পর্যায়ে নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালুর জোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত এবং সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা একাডেমি ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরে খাতওয়ারী বাজেট বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।

উপস্থাপিত কর্মপরিকল্পনার ওপর আলোচনা শেষে কমিটির সদস্যরা দেশের শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতের লক্ষ্যে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন। বিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষকের সব শূন্য পদ অবিলম্বে পূরণের তাগিদ দেয় কমিটি।

শিশুদের মূল্যবোধ গঠনের দিকে নজর রেখে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে মানসম্পন্ন খাবার ও শিশুদের পুষ্টি নিশ্চিতের ওপর বিশেষ জোর দেয় সংসদীয় কমিটি। কমিটি স্পষ্ট সুপারিশ করে যে, ফিডিং কার্যক্রমে খাবারের গুণগত মান বজায় না থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে বিভিন্ন খাতে বরাদ্দ করা সরকারি বাজেটের সঠিক ও শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কার্যক্রমের সার্বিক স্বচ্ছতা রক্ষায় বিদ্যালয় চলাকালীন সময়ে সরেজমিনে গিয়ে মাঠপর্যায়ের তদারকি চালাতে কমিটির সব সংসদ সদস্যকে পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।