সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৫৩ পিএম
শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে তিনটি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপ নেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে। অভিযুক্তরা হলেন— টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, গাজীপুর ও ঢাকার শ্রম আদালতে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই বিষয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর নিষ্পত্তি করা হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি মালিকদের অবহেলা বা অসহযোগী আচরণ সহ্য করা হবে না। এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে। শ্রম উপদেষ্টার দৃঢ় পদক্ষেপকে তিনি স্বাগত জানান। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে এই রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন