সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:৫৮ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকার এবার পূজামণ্ডপে অনুদান বৃদ্ধি করে ৫ কোটি টাকা করছে, যা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের মেয়াদকালে সর্বোচ্চ ২ কোটি টাকা করে দেওয়া অনুদানের চেয়ে ৩ কোটি টাকা বেশি।
তিনি বলেন, গত বছর দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে ৪ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, যা এবার ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। এর পরেও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা আয়োজনের জন্য কোনো প্রয়োজন হলে সরকার তা মেটাতে প্রস্তুত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পুণ্যার্থী, দর্শনার্থী, পূজা উদযাপন কমিটিসহ সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে বলে জানান তিনি। এই অ্যাপের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তার তথ্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ, দিনরাত ২৪ ঘণ্টা পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
ব্রিফিংয়ে রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন