সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৪০ পিএম
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) নতুন ছয়টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। কমিশনের অনুমোদন ও স্বাক্ষরের পর এই নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এই তালিকা সম্পর্কে জানা গেছে। সূত্র অনুযায়ী, যে দলগুলো নিবন্ধন পেতে যাচ্ছে তার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। অন্যান্য দলগুলোর নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশনের চূড়ান্ত বৈঠকে অনুমোদনের পরই নিবন্ধনের বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানা গেছে, ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে রোববার সংশ্লিষ্ট শাখা ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধনের জন্য সুপারিশ করে। সোমবার এই ফাইল কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের সময় এই তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন