বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৫১ পিএম

পিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি

ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাংলাদেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর কোথাও নেই। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে—পিআর নাকি প্রচলিত পদ্ধতিতে—তা নির্ধারণ করতে হলে আইন পরিবর্তন করতে হবে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। তিনি বলেন, “আরপিওটা পরিবর্তন করে যদি এটা অন্য একটা দিয়ে দেওয়া হয় তাহলে আইন বদলাতে হবে। আমরা তো আইন বদলাতে পারি না।”

পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই পদ্ধতি চালু করতে হলে শুধু আরপিও নয়, সংবিধানও পরিবর্তন করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে একটি সমাধানে পৌঁছাতে হবে, কারণ এই ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত তাদের ওপরই নির্ভর করে।