অক্টোবর ১, ২০২৫, ১২:৫৭ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নতুন পে-স্কেল কার্যকর করার জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে।"
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত ২৪ জুলাই একটি পে-কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।
কমিশনের একজন সদস্য জানিয়েছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং গড়ে কী হারে বেতন বাড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে।
কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
-
চিকিৎসা ভাতা: বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে।
-
শিক্ষা ভাতা: সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন