সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১২:২০ পিএম

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

ছবি - সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে ‘জুলাই সনদ’ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত অগ্রগতির বিষয়ে তাকে জানানোর নির্দেশ দেন।

বৈঠক শেষে অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। পাশাপাশি, দেশের গণমাধ্যমগুলো কমিশনকে অকল্পনীয় সমর্থন জুগিয়েছে, যা তাদের কাজকে সহজ করেছে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়াও, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এই প্রতিবেদন জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।