অক্টোবর ৭, ২০২৫, ০৪:৩৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি দলীয় বা পক্ষপাতমূলক আচরণ করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন এটি নিশ্চিত করবে যে, কেউ ‘দলদাসের’ মতো আচরণ করতে পারবে না।মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
সিইসি বলেন, “আগে এমন একটা সংস্কৃতি ছিল যে কর্মকর্তাদের ওপর চাপ থাকত—একটি নির্দিষ্ট পক্ষে কাজ করতে হবে। আগে মেসেজ ছিল, আমার পক্ষে কাজ না করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন মেসেজ হবে—তুমি যদি কোনো পক্ষের হয়ে কাজ করো, তাহলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এখন মেসেজটা একদম স্পষ্ট।”তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, আর এই দায়িত্ব পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের ওপর যেন কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করা হবে।সিইসি বলেন, “কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষও রাখেন, সেটার প্রতিফলন কাজের মধ্যে ঘটতে দেওয়া হবে না। প্রয়োজনে অ্যাকশন নেওয়া হবে। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হোক, যা আয়নার মতো স্বচ্ছ হবে।”এর আগে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ১০ জন নির্বাচন বিশেষজ্ঞ তাদের মতামত তুলে ধরেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন