অক্টোবর ৭, ২০২৫, ০৮:০৬ পিএম
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত ইমামদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্কের স্বনামধন্য সেবা সংস্থা ‘দিয়ানাত ফাউন্ডেশন’। এ লক্ষ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে ফাউন্ডেশনটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমটি ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসারে পরিচালিত হবে। তিনি বলেন, “তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। আমরা তাদের এই সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানাই।”
দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধি দলের প্রধান ও সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী।” তিনি জানান, ইমাম প্রশিক্ষণের পাশাপাশি তারা ইমামদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান এবং স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নেও কাজ করতে চায়।
উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন