সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:৫২ পিএম

বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত বুরাক আকচাপার। বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত বুরাক আকচাপার এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি অধ্যাপক ইউনূসকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, “জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা। আমরা আমাদের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।” তিনি জুলাই বিপ্লবে আহত সাত বাংলাদেশিকে তুরস্কে বিনামূল্যে উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করায় তুরস্ক সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুরস্কের উপমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার দেশের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কের বৃত্তি ও বিনিময় কর্মসূচি চালু থাকবে।সাক্ষাৎকালে বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।