রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৮:১৬ পিএম

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হতে যাওয়া ‘পোস্টাল ব্যালট’ পদ্ধতিতে ভোটের গোপনীয়তা সম্পূর্ণভাবে অটুট থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ। মূলত তিনটি পৃথক খামের (ইনভেলাপ) মাধ্যমে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর ফলে ভোট প্রদান যেমন নিরাপদ হবে, তেমনি এর গোপনীয়তাও শতভাগ নিশ্চিত থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ডাক বিভাগের সেবার মান বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশন যুক্ত করা হবে। ই-কমার্সের জালিয়াতি রোধ করতে আগামী মাস নাগাদ ‘সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (CLTP)’ চালু করা হবে। এছাড়া নাগরিকদের ঠিকানার ডিজিটাল রূপান্তরে ‘জিও ফেন্সিং’ করার পাইলট প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ ডাক এখন কেবল বার্তা বিনিময়ের মাধ্যম নয়, বরং ডিজিটাল যুগের এক আধুনিক ও নির্ভরযোগ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। ডাকযোগে এখন ভূমি, পাসপোর্ট ও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ সেবাও নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।