সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দাবি আদায়ে রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৬:১৯ পিএম

দাবি আদায়ে রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা

ছবি - সংগৃহীত

বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করার দাবিতে আগামীকাল রবিবার (১২ অক্টোবর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে সম্প্রতি বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করে তারা এই নতুন কর্মসূচির ডাক দিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি সাংবাদিকদের জানান, “আগামীকাল সকাল থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” তিনি আরও জানান, এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসতে শুরু করেছেন।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, গত ১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে এক বৈঠকে তিনি বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে সেই

প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেনি, বরং নামমাত্র ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা শিক্ষকদের সঙ্গে প্রহসনের শামিল বলে তারা মনে করছেন।এই পরিস্থিতিতেই পূর্বঘোষিত দাবিগুলো আদায়ের লক্ষ্যে আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক-কর্মচারীদের এই জোট।