সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: নৌ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৭:২৮ পিএম

সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: নৌ উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘গণমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের বিধিমালা–২০২৫’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) যৌথভাবে এই সভার আয়োজন করে।উপদেষ্টা বলেন, “যদি সত্যিই নির্বাচন কমিশনের (ইসি) একটি সুষ্ঠু নির্বাচনের সংকল্প থাকে, তবে সাংবাদিকদের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ না করে তাদের কাজের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারণ কেবল গণমাধ্যমই বিশ্বকে দেখাতে পারে যে, নির্বাচন প্রকৃতপক্ষে কতটা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অঙ্গীকার। এর বাইরে ড. মুহাম্মদ ইউনূস কিংবা সরকারের অন্য কারও কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থ নেই।”এম. সাখাওয়াত হোসেন ‘ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল’ নির্বাচনের ব্যাখ্যা দিয়ে বলেন, “ফ্রি ইলেকশন মানে ভোটার স্বাধীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

ফেয়ার ইলেকশন মানে আমি যাকে ভোট দিচ্ছি, তিনি সেই ভোটটি পাবেন। আর ক্রেডিবল ইলেকশন হলো, যখন ভোটার বলতে পারবেন ‘আমি ঠিকভাবে ভোট দিতে পেরেছি’। এই তিনটি বিষয় নিশ্চিত করতে গণমাধ্যমই সবচেয়ে বড় সহায়ক শক্তি।”সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নির্বাচন কমিশনের নতুন খসড়া বিধিমালাকে পুরোনো আইনের ‘কপি-পেস্ট’ বলে অভিহিত করে এর সংশোধনের দাবি জানান।