সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা চত্বরের শহীদ পরিবারকে সহযোগিতার ঘোষণা দিল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৯:৩৩ এএম

শাপলা চত্বরের শহীদ পরিবারকে সহযোগিতার ঘোষণা দিল সরকার

ছবি - সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের পরিবারগুলোকে প্রথমবারের মতো সরকারিভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে।

শনিবার (১১ অক্টোবর) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান।আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, “শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ। হেফাজতে ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদ পরিবারের কল্যাণে প্রথমবারের মতো সরকারি সহযোগিতা পেতে যাচ্ছে পরিবারগুলো।”

তিনি আরও বলেন, “গত ১২ বছরে শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি। হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুততম সময়ে অর্থবহ ও কার্যকর সহযোগিতা পৌঁছে দিতে আমরা উদ্যোগ গ্রহণ করছি।”

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগসহ ১৩ দফা দাবিতে এক বিশাল মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। ওই দিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করে সংগঠনটি। চলতি বছরের মে মাসে হেফাজতের পক্ষ থেকে নিহত ৯৩ জনের একটি খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছিল।