সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১০:১২ এএম

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে আজ (রোববার) ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়াও, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’ হলো জাতিসংঘের একটি ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সক্রিয় কূটনৈতিক ভূমিকার অংশ হিসেবে দেখা হচ্ছে।