অক্টোবর ১২, ২০২৫, ০৫:২৯ পিএম
বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক নেতারা। তারা আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই ঘোষণা দেন। তিনি বলেন, “প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে।”
এর আগে, রোববার সকালে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে পুলিশ রাস্তা খালি করার জন্য তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ এ সময় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন শিক্ষকরা।
পুলিশি বাধার পর শিক্ষক নেতাদের একটি অংশ জনদুর্ভোগ এড়াতে তাদের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানান্তর করলেও, অন্য একটি অংশ প্রেস ক্লাব এলাকাতেই অবস্থান ধরে রেখেছে, যা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা বিভক্তিও দেখা দিয়েছে।এদিকে, আজ দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসলেও কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারির আশ্বাস না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন