অক্টোবর ১৩, ২০২৫, ০৯:০৯ পিএম
ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ক্ষুধা কোনো খাদ্য সংকটের ফল নয়, বরং এটি বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর একটি ‘নৈতিক ব্যর্থতা’।
সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত এই ফোরামে বিশ্বনেতাদের উদ্দেশে ড. ইউনূস তার ভাষণের শুরুতে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, “তরুণদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সকল প্রতিষ্ঠান পুনর্গঠন করা হচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে।”
এরপর তিনি তার কাঙ্ক্ষিত ‘তিন শূন্যের বিশ্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—প্রতিষ্ঠার লক্ষ্যে ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।প্রধান উপদেষ্টার ৬ দফা প্রস্তাব: ১. ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু করা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানো নিশ্চিত করা। ২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ এবং জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া।
৩. খাদ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করা। ৪. তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে সহায়তা প্রদান। ৫. বাণিজ্য নীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক হিসেবে তৈরি করা, প্রতিবন্ধক হিসেবে নয়। ৬. প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ, বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য, নিশ্চিত করা।
ভাষণ শেষে ড. ইউনূসের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র এবং এফএও-এর মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন