অক্টোবর ১৩, ২০২৫, ১১:১৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের পছন্দের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে ছয়টিতেই জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সার্বিকভাবেও ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় এবং আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে রয়েছে।সোমবার (১৩ অক্টোবর) বেসরকারি সংস্থা ‘ইনোভিশন কনসালটিং’ পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’-এর দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়।
রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই জরিপের তথ্য তুলে ধরা হয়।জরিপের ফলাফলে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিএনপি এককভাবে অন্য দলগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, রংপুর বিভাগে ৪৩.৪ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে ৩১.৯ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ।
সার্বিকভাবে, বিএনপি দেশের প্রধান জনপ্রিয় দল হিসেবে উঠে এলেও, দ্বিতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর উত্থানকে এই জরিপের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।ইনোভিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন নাগরিকের ওপর এই জরিপটি পরিচালিত হয়। ‘ভয়েস ফর রিফর্ম’ ও ‘ব্রেইন’ নামক দুটি সংস্থা এই জরিপে সহযোগিতা করে।
গোলটেবিল আলোচনায় অধ্যাপক ড. আসিফ শাহান, জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. নকিবুর রহমান এবং এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকরা অংশ নেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন