সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ মিনারে শিক্ষকদের ঢল, কিছুক্ষণের মধ্যেই ‘মার্চ টু সচিবালয়’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০১:৩০ পিএম

শহীদ মিনারে শিক্ষকদের ঢল, কিছুক্ষণের মধ্যেই ‘মার্চ টু সচিবালয়’

ছবি - সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘সচিবালয় চলো’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন সারাদেশ থেকে আসা হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শহীদ মিনার থেকে তাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা (লং মার্চ) শুরু করার কথা রয়েছে।

কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহীদ মিনার এলাকায় শিক্ষকদের ঢল নামে। দাবি আদায়ের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে, শিক্ষকদের এই পদযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর যুগ্ম সদস্যসচিব শিক্ষক আবুল বাশার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গত রোববার প্রেস ক্লাবের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছিল। আজ আমাদের এই পদযাত্রায় আবারও হামলা করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে যাব না।”উল্লেখ্য, শিক্ষকদের এই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে, যার ফলে শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।