অক্টোবর ১৪, ২০২৫, ০৭:২৫ পিএম
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে রয়েছি।”ড. মুহাম্মদ ইউনূস অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ দ্রুত অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুরে মিরপুরের ওই ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দগ্ধসহ আহত হয়েছেন আরও অনেকে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন