অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৪০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “একবারে লণ্ডভণ্ড অবস্থায় আমরা দেশের দায়িত্ব নিয়েছিলাম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকাই মুশকিল ছিল।” তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থও কোষাগারে ছিল না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, “কোথা থেকে শুরু করব, আমরা বুঝতে পারছিলাম না। ঠিক সেই কঠিন সময়ে আপনারা প্রবাসীরা দেশে যে রেমিট্যান্স পাঠিয়েছেন, সেটাই আমাদের শক্তি যুগিয়েছে, দেশকে টিকিয়ে রেখেছে।”
তবে, এ সময় তিনি প্রবাসীদের কিছু আচরণের বিষয়ে ইতালীয় কর্তৃপক্ষের উদ্বেগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশিরা যে দেশেই যায়, সেখানেই কিছু বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ ওঠে। আমাদের অবশ্যই এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং বিদেশের মাটিতে দেশের সম্মান উজ্জ্বল করতে হবে।”
এর আগে, দিনের বেলায় ড. ইউনূস বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের কৃষি খাতের উন্নয়নে, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল প্রক্রিয়াজাতকরণে, এফএও-এর প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন