অক্টোবর ১৫, ২০২৫, ০৯:২৫ এএম
জাতিসংঘের বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণসহ দুই দিনের এক গুরুত্বপূর্ণ সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘বিশ্ব খাদ্য ফোরাম’-এর ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রোম সফরে যান।
সেখানে তিনি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিশ্বজুড়ে ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন।সফরের সাইডলাইনে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
এসব বৈঠকে তিনি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা এবং সামাজিক ব্যবসার প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। তার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটি সফল অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন