রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৫২ পিএম

জুলাই সনদ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার একদিন পর, এই সনদ নিয়ে পর্যবেক্ষণ ও সমালোচনা তুলে ধরেছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, এই সনদে জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্র ও ধার্মিক জনগোষ্ঠীর অবদানের বিষয়টিকে ‘সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে’।শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা, ধার্মিকদের ভূমিকা, বিশেষ করে আখিরাতে বিশ্বাসী মানুষের ভূমিকা, ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা... এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট। এরপরও এই সনদের কোথাও সেই বিষয়গুলোকে তুলে আনা হয়নি।”

তিনি আরও বলেন, “মুসলিমপ্রধান একটি দেশে ধর্ম থেকে দূরে সরানোর যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদেও আমরা দেখেছি। এটা খুবই আপত্তিকর একটি বিষয়।”অনেক সমালোচনার পাশাপাশি, শায়খ আহমাদুল্লাহ সনদ স্বাক্ষরের প্রয়োজনীয়তাও স্বীকার করেন। তিনি বলেন, “এই সনদ স্বাক্ষরিত হওয়ার দরকার ছিল এবং এ বিষয়টির একটা অফিশিয়াল রূপ হওয়ার দরকার ছিল, সেটি হয়েছে।”

তবে, তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সনদটিতে যে ত্রুটি ও অপূর্ণতা আছে, সেগুলো কারেকশন করার সুযোগ ছিল। কারণ এগুলো অনেক আগে থেকেই বলা হচ্ছিল। কিন্তু কোনোভাবেই তারা (কমিশন) কানে নেয়নি। এজন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে, সেই স্পিরিট দিন দিন দুর্ভাগ্যজনকভাবে স্থিমিত হতে যাচ্ছে। আমি আশা করব, সংশ্লিষ্ট যারা আছেন তারা এখান থেকে কিছুটা হলেও বার্তা গ্রহণ করার চেষ্টা করবেন।”