রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আশা করছি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন’: শিক্ষা উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৪:২১ পিএম

আশা করছি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন’: শিক্ষা উপদেষ্টা

ছবি - সংগৃহীত

টানা আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার)। তিনি বলেছেন, “সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আন্তরিক। দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। আশা করছি, এখন আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন।”

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এর আগে, সকালে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (তবে সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা মনে করি, শিক্ষক সমাজের আরও বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিয়েছে, সেটা আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি।”তবে, শিক্ষা উপদেষ্টার এই আহ্বানের পরও শিক্ষকরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।

সরকারের এই প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, “আমাদের মূল দাবি ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি, অনশন ও কর্মবিরতি অব্যাহত থাকবে।”আজ দুপুরে শিক্ষকরা তাদের পূর্বঘোষিত ‘থালা-বাটি হাতে ভুখা মিছিল’ কর্মসূচি পালন করছেন।