অক্টোবর ২০, ২০২৫, ১০:২৯ পিএম
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ মওকুফ (অবৈতনিক) করার নির্দেশ দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সুবিধা কার্যকর করতে বলা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের সই করা ওই স্মারকে বলা হয়, “২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
নির্দেশনা অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সকল ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই স্মারক জারি করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন