অক্টোবর ২০, ২০২৫, ১০:৪২ পিএম
‘শাপলা’ প্রতীক বরাদ্দের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থানের মুখে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আবারও পর্যালোচনা করবে। আইন ও বিধি-বিধান খতিয়ে দেখে ইসি শিগগিরই এনসিপির পছন্দের এই প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিষ্পত্তি করবে।
এর আগে, নির্বাচন কমিশন এনসিপিকে ১৯ অক্টোবরের (রোববার) মধ্যে ইসির তালিকাভুক্ত ৫০টি প্রতীক থেকে একটি বেছে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। ইসি জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক বেছে না নিলে কমিশন নিজেই দলটির জন্য একটি প্রতীক বরাদ্দ দেবে।তবে, শেষ দিন রোববার এনসিপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে আবারও ‘শাপলা’ প্রতীকের দাবিতেই আবেদন জানায় এবং অন্য কোনো প্রতীক গ্রহণে অস্বীকৃতি জানায়।
এই প্রেক্ষাপটে, সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম। ১৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। শেষ দিন দলটির একটি প্রতিনিধিদল এসে ফের শাপলা চেয়েই আবেদন জানিয়েছে।”
তিনি আরও বলেন, “দলটির এই পুনঃআবেদনের প্রেক্ষিতে বিষয়টি আবার কমিশনের কাছে তোলা হবে। কমিশন আইন-বিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে যে, তাদের কোন প্রতীক দেওয়া হবে।”এনসিপি নেতারা এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘শাপলা’ প্রতীক না পেলে তারা ইসির নিবন্ধন প্রত্যাখ্যান করতে পারেন। ইসির এই নতুন ‘পর্যালোচনা’র সিদ্ধান্তে প্রতীক বিতর্কটি আরও দীর্ঘায়িত হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন