রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১০:৫৫ এএম

ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে: সিইসি

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘AI’-এর অপব্যবহারকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘নির্বাচনে এআই ও অপতথ্যের ঝুঁকি’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, “এআই প্রযুক্তি যেমন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ‘ডিপফেক’ ভিডিও বা ভুয়া তথ্য তৈরির মাধ্যমে এটি নির্বাচনের পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

এই ঝুঁকি মোকাবিলায় আমরা প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গেও আলোচনা করছি।”তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল অংশীজনকে, বিশেষ করে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের, এআই-সৃষ্ট অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার এবং তা প্রতিরোধে কমিশনকে সহায়তা করার আহ্বান জানান।অনুষ্ঠানে নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব এবং ফেসবুক ও গুগলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।