অক্টোবর ২১, ২০২৫, ১১:৪৬ এএম
ছয়টি প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে। চিঠিতে তারা বাংলাদেশে মানবাধিকারের টেকসই উন্নতি নিশ্চিত করতে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে রোববার (১৯ অক্টোবর) এই চিঠিটি প্রকাশ করা হয়।চিঠিতে মানবাধিকার সংস্থাগুলো সরকারের প্রতি পাঁচটি প্রধান সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ অবিলম্বে পাস করা।
তবে, এই খসড়া আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সংস্থাগুলো ‘প্যারিস নীতি’র আলোকে জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) সংস্কার করার দাবি জানিয়েছে, যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে পারে।
চিঠিতে মতপ্রকাশের স্বাধীনতা হরণকারী নিপীড়নমূলক আইন, বিশেষ করে নতুন ‘সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫’, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইন বাতিল বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংশোধনের আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, নতুন সাইবার অধ্যাদেশটিও আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়েছে এবং এতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের গুরুতর ঝুঁকি রয়েছে।
এছাড়াও, চিঠিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে রাষ্ট্রীয় নজরদারি কমানো এবং সাংবাদিকদের হয়রানি ও সহিংসতা থেকে রক্ষা করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানানো হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন