রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবশেষে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৩ পিএম

অবশেষে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

ছবি - সংগৃহীত

টানা দশ দিনের লাগাতার আন্দোলন, অনশন ও কর্মবিরতির পর অবশেষে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে শিক্ষক নেতাদের এক ফলপ্রসূ বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।

বৈঠকে সরকার শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করতে সম্মত হয়েছে।বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। একটি সুন্দর সমাধান হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়ে ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মত হয়েছে।”

তিনি আরও জানান, এই ১৫ শতাংশ ভাতা দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি অর্থবছরে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ এবং আগামী অর্থবছর থেকে বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে।দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ আজিজী বলেন, “আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আমাদের আন্দোলন স্থগিত করছি এবং আগামীকাল (বুধবার) থেকেই দেশের সকল শিক্ষক-কর্মচারী শ্রেণিকক্ষে ফিরে যাবেন।”

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে গত ১০ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা, যার ফলে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল।