অক্টোবর ২১, ২০২৫, ০৬:৩৯ পিএম
টানা আট দিনের লাগাতার আন্দোলন ও আমরণ অনশনের পর অবশেষে ক্লাসে ফিরছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আসার পর মঙ্গলবার (২১ অক্টোবর) তারা এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে, আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে শিক্ষ ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ারও উদ্যোগ নিয়েছেন তারা।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী নিশ্চিত করেছেন, আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।তিনি বলেন, “আন্দোলনের কারণে গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটি আমাদের ন্যায্য দাবি ছিল। শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে আমরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবারও (সাপ্তাহিক ছুটি) স্কুল খোলা রাখব এবং অতিরিক্ত ক্লাস নেব।”
এর আগে, আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে শিক্ষক নেতাদের এক সফল বৈঠকে সরকার শিক্ষকদের বাড়িভাড়া দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়াতে সম্মত হয়। এই সিদ্ধান্তের পরই শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সমাধানে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেছেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন