রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিসিকের উদ্যোগে বিশ্ব আয়োডিন দিবস-২০২৫ উদ্‌যাপিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৭:৫৪ পিএম

বিসিকের উদ্যোগে বিশ্ব আয়োডিন দিবস-২০২৫ উদ্‌যাপিত

ছবি - সংগৃহীত

আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও ‘বিশ্ব আয়োডিন দিবস-২০২৫’ পালিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে বিসিক ভবনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশ-এর পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ।

বক্তারা বলেন, আয়োডিনের অভাবজনিত সমস্যা একটি জনস্বাস্থ্য সমস্যা, যা প্রতিরোধযোগ্য। এই সমস্যা নিরসনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তারা লবণ মিল মালিকদের আয়োডিন মিশ্রণের সঠিক মাত্রা বজায় রাখা এবং জনগণকে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে আরও আলোচনা করেন বিসিকের পরিচালক খায়রুজ্জামান, টেকনো সার্ভ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. গুলজার আহম্মেদ এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।