অক্টোবর ২১, ২০২৫, ০৮:২৮ পিএম
টানা দশ দিন ধরে চলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সফল অবসানের পর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, “আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।”মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্য অর্থনীতি অর্জন করেনি। তাই সরকারকে বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ (৭.৫%) বৃদ্ধি করা হবে। পরবর্তীতে, আগামী বছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ (৭.৫%) বৃদ্ধি করা হবে।ড. ইউনূস এই সমাধানে পৌঁছানোর জন্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারসহ সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, আজ দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষক নেতারা সরকারের এই ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়ে তাদের আন্দোলন ও অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং আগামীকাল (বুধবার) থেকে ক্লাসে ফেরার কথা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন