অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শক্তিশালী’ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে সংস্থাটির প্রতিনিধিদল এই আশ্বাস দেয়।আইআরআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠক শেষে ফুসনার সাংবাদিকদের বলেন, “ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনী পর্যবেক্ষণ করব। আমাদের বিশ্বাস, নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন ভোটের সময় সহিংসতার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।”তিনি বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশের প্রশংসা করে বলেন, “সব দলই নির্বাচন চায়। আগের নির্বাচনের অভিজ্ঞতার তুলনায় আমরা একটি ইতিবাচক পরিবেশ দেখতে পাচ্ছি, যা সত্যিই ভালো লাগছে।”
বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনকে আরও স্বচ্ছ করতে স্থানীয় সুশীল সমাজ ও ছাত্রসংগঠনগুলোকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করে। এ সময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো ভুয়া তথ্য (অপতথ্য) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের সঙ্গে একমত পোষণ করে বলেন, “ভুল তথ্য গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এটি সুপরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করতে পারে।”
ড. ইউনূস প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যার বয়স ২৭ বছরের কম, তাদের অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন। আমরা নিশ্চিত করতে চাই যে, তারা একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।”
তিনি ‘জুলাই সনদ’-কে দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, যে দলগুলো এখনও সনদে স্বাক্ষর করেনি, তারাও শিগগিরই এতে স্বাক্ষর করবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন