রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনলাইন জুয়া: গণমাধ্যমের পোর্টাল বন্ধের কড়া হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৫, ০৯:৫৩ এএম

অনলাইন জুয়া: গণমাধ্যমের পোর্টাল বন্ধের কড়া হুঁশিয়ারি

ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই ধরনের বিজ্ঞাপন প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের পোর্টাল বিনা নোটিসে যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ বলেন, “প্রায় সব মিডিয়ার পোর্টালে এখনো অনিরাপদ কনটেন্ট এবং জুয়ার বিজ্ঞাপন আসে। এখান থেকে তারা টাকা পায়। জুয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টের তালিকা তৈরি করা হচ্ছে এবং যেসব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে সেগুলো বন্ধ করা হবে।”

তিনি আরও জানান, মোবাইল ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে ‘অ্যাক্টিভ ক্রলার’ ব্যবহার করে জুয়া ও বেটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা চালু করা হবে বলেও তিনি জানান।সভায় জানানো হয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ও বিটিআরসির সহায়তায় চলতি বছর মে মাস থেকে এ পর্যন্ত ৪ হাজার ৮২০টি মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) অ্যাকাউন্ট এবং ১ হাজার ৩৩১টি জুয়ার পোর্টাল বন্ধ করা হয়েছে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন। বিটিআরসি চেয়ারম্যান জানান, এনইআইআর ব্যবস্থা চালু হলে মোবাইলে সিম পরিবর্তন করে অপরাধ করা কঠিন হয়ে পড়বে, যা জুয়া প্রতিরোধেও সহায়তা করবে।