অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৫০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিদেশি গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, যারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তাদের উচিত তার (হাসিনার) আগের কর্মকাণ্ডগুলো মনে রাখা।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন।
বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভালো বলতে পারবেন। তিনি আরও জানান, সরকার এখনো সাক্ষাৎকারটি বিস্তারিতভাবে পড়েনি এবং পড়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা সম্ভব হবে।
তবে এ প্রসঙ্গে প্রেস সচিব যোগ করেন, ‘যারা তার (হাসিনার) ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান।’ তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে। এছাড়া, আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে যে, তিনি (হাসিনা) সরাসরি খুনের নির্দেশ দিচ্ছেন।
প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ ও ‘এএফপি’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করে, যা দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে।সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে দলটির সমর্থকদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন – এতে কোনো সমস্যা হতে পারে কিনা,
এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল... সেই অনুযায়ী কেউ কেউ হয়তো-বা দু-একটা ডলার পান, এই তো।’ তার এই মন্তব্যে তিনি আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সক্রিয়তাকে খাটো করে দেখানোর চেষ্টা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন