মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে তিন বাহিনী প্রধানকে ড. ইউনূসের কড়া নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:৩২ পিএম

নির্বাচনে তিন বাহিনী প্রধানকে ড. ইউনূসের কড়া নির্দেশনা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (০১ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের গত ১৫ মাসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন।

ড. ইউনূস পুনর্ব্যক্ত করেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।বৈঠকে তিন বাহিনীর প্রধানরা আসন্ন নির্বাচনের জন্য তাদের সামরিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তারা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েন করা হবে।বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।