নভেম্বর ২, ২০২৫, ১০:২৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৯০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। শনিবার (০১ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিন বাহিনীর প্রধানরা এই প্রস্তুতির কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শনিবার রাতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, ৯০ হাজার সেনাসদস্যের পাশাপাশি আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক বিমানবাহিনীর সদস্যও নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবেন।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েন করা হবে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে তিন বাহিনীর প্রধানকে কড়া নির্দেশনা দেন।
ড. ইউনূস বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি গত ১৫ মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন