রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:০৮ পিএম

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন আজ (রোববার) থেকে শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই ক্যাম্পেইন শুরু করেছে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মাধ্যমে। টিজারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘চাবি আপনার হাতে, ভোট দিয়ে দেশের দখল বুঝে নিন’। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু হলো। প্রথম টিজারে ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে’ অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেব্রুয়ারি ২০২৬-এ একটি উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিতে যাবে এবং এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

প্রকাশিত টিজারের শুরুতে স্ক্রিনে ‘আওয়ামী ক্ষমতার উৎস’ লেখা ভেসে ওঠে। এরপরই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বহুল সমালোচিত বক্তব্যের ভিডিও ক্লিপ দেখানো হয়। ওই ক্লিপে আব্দুল মোমেনকে বলতে শোনা যায়, ‘আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি।’

এই ক্লিপের পরেই টিজারে আসেন ড. খান সুবায়েল বিন রফিক। তিনি বলেন, ‘সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে।’জাতীয় সংসদ ভবনের পটভূমিতে ধারণ করা এই ভিডিওতে ড. সুবায়েল আরও বলেন, ‘নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন, কেমন বাংলাদেশ দেখতে চান।’