নভেম্বর ২, ২০২৫, ০৭:০৫ পিএম
দেশে ভোটার সংখ্যা আবারও বেড়েছে। তৃতীয় ধাপের হালনাগাদ কার্যক্রম শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।রোববার (০২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ইসি সচিব জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন মোট পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এছাড়া, হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।আখতার আহমেদ বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ ধাপে মোট ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এটি একটি খসড়া তালিকা। এই তালিকার ওপর এখন দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া চলবে। দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি শুধু এ নতুনদের (নতুন যুক্ত হওয়া ভোটার) ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে থেকেই (তালিকায়) আছে।’
এই হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা দিয়েই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে বলে তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন