রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ রিজওয়ানার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:৩৬ পিএম

বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ রিজওয়ানার

রাজধানী ঢাকাসহ সারা দেশের ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সমন্বিতভাবে একযোগে মাঠে নামার কড়া নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, ঢাকার বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর, উভয় সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং অন্যান্য সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে এই বিশেষ অভিযানে অংশ নেবে।

রোববার (০২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে ঢাকাসহ সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার বায়ুদূষণ রোধকল্পে ‘ডিগ্রেডেড এয়ারশেড’  বা মারাত্মক দূষিত বায়ু এলাকা হিসেবে ঘোষিত সাভার এলাকায় কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, ভবন নির্মাণ বা মেরামতের কাজ অবশ্যই যথাযথভাবে ঢেকে রেখে করতে হবে, যাতে ধুলোবালি না ছড়ায়। এই নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বিভিন্ন উদ্যান বা সড়কে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, নগরের রাস্তার মাঝখানের বিভাজকগুলোতে (রোড ডিভাইডার) বৃক্ষ ও লতাগুল্ম রোপণ করা হবে, যেন এগুলো দূষণ শোষণে সহায়তা করতে পারে। পাশাপাশি, উভয় সিটি করপোরেশনকে নিয়মিত পানি ছিটানোর মাধ্যমে রাস্তার ধুলো নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। বায়ুদূষণ রোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত তুলে ধরেন।