নভেম্বর ৩, ২০২৫, ০৫:৪৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস আবারও বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। জর্ডানভিত্তিক সংস্থা 'দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার' (RISSC) সম্প্রতি ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৬ সালের তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকা অনুসারে, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর আগে তিনি ২০২৪ এবং ২০২৫ সালেও এই তালিকায় স্থান পেয়েছিলেন।
এ বছরের তালিকার শীর্ষস্থানে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনের আধ্যাত্মিক সুফি পণ্ডিত শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশের মধ্যে আরও রয়েছেন— ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি (চতুর্থ), জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসেন (পঞ্চম), মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমেদ মুহাম্মদ আল-তাইয়েব (ষষ্ঠ), তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান (সপ্তম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (অষ্টম), সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (নবম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (দশম)।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর এই তালিকাটি প্রকাশ করে আসছে। মুসলিম সম্প্রদায়ের যেসব ব্যক্তি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি, ধর্ম, সমাজকল্যাণ, সংস্কৃতি, অর্থনীতি এবং মিডিয়ায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছেন, তাদেরকে এই তালিকায় বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন