নভেম্বর ৩, ২০২৫, ১০:৩৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক এবং এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করা সম্ভব।
সোমবার (৩ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ও সন্তোষজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয়, সে জন্য প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন। এ সময় তিনি সিরাজদিখানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রস্তাবিত বিভিন্ন জায়গাও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন