বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

৪৮ হাজার পুলিশ সদস্য পেলেন নির্বাচনি প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১২:১৩ পিএম

৪৮ হাজার পুলিশ সদস্য পেলেন নির্বাচনি প্রশিক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।মঙ্গলবার (০৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স এক খুদে বার্তায় জানিয়েছে, এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য তাদের নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে মোট ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য—যার মধ্যে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপি সদস্য রয়েছেন—নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য অনুযায়ী, মোট ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে পুলিশ সদরদপ্তরের মানবসম্পদ বিভাগ কর্তৃক প্রণীত ৯টি বিশেষ প্রশিক্ষণ মডিউলের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৪৮ হাজার পুলিশ সদস্য সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রশিক্ষণ সম্পন্ন করলেন।

এছাড়া দেশের ৪৫ হাজার ভোটকেন্দ্রে নিয়োগের লক্ষ্যে ৫ লাখ ৮৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য (এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সশস্ত্র এবং ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র) প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।অন্যদিকে, বিজিবির ৩৩ হাজার সদস্য (১ হাজার ১০০ প্লাটুন) নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, যা ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মাঠে থাকবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানরা বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখার জন্য বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।