নভেম্বর ৪, ২০২৫, ১২:২২ পিএম
বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।নতুন এই বিধান অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও, শরিক দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জোট মনোনীত প্রার্থী হিসেবে বড় বা অন্য কোনো দলের প্রতীক (যেমন- ধানের শীষ) ব্যবহারের সুযোগ আর থাকছে না।এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও'র এই খসড়াটি নীতিগতভাবে অনুমোদিত হয়। এই সংশোধনী নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তি দেখা দেয়।
বিএনপি এই বিধানের বিরোধিতা করে আসছিল, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) 'নিজ নিজ প্রতীকে ভোট' করার এই বিধান বহাল রাখার জোর দাবি জানিয়ে আসছিল।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির আপত্তি সত্ত্বেও সরকার এই বিধান রেখেই অধ্যাদেশ জারি করল। আরপিও সংশোধন হওয়ায় এখন এর আলোকে নির্বাচন কমিশন (ইসি) দ্রুতই দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা জারি করবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন