নভেম্বর ৪, ২০২৫, ১০:২৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা নির্দিষ্ট করে দেওয়াসহ একগুচ্ছ নতুন বিধান যুক্ত করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে।
সংশোধিত নতুন অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে, কোনো প্রার্থীর মোট নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না।চূড়ান্ত আরপিওর ৪৪ অনুচ্ছেদে ভোটারপ্রতি ১০ টাকা ব্যয়ের এই বিধান সংযোজন করা হয়েছে।
এছাড়া আরপিওর ১৩ অনুচ্ছেদ সংশোধন করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে জামানতের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে জামানত হিসেবে ২০ হাজার টাকা জমা দিতে হলেও, এখন তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।এই সংশোধিত আরপিওকে ভিত্তি করেই নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই দল ও প্রার্থীদের জন্য চূড়ান্ত আচরণবিধি প্রণয়ন করবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন