নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৪ পিএম
আওয়ামী লীগ জাতিসংঘে চিঠি দিয়ে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানালেও, অন্তর্বর্তী সরকার মনে করছে সেই চিঠি দিয়ে কোনো কাজ হবে না। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”গত শনিবার আওয়ামী লীগ দলের পক্ষে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল স্বাক্ষরিত এই চিঠিটি ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠিয়েছিল।চিঠিতে আওয়ামী লীগ মূলত দুটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে:
১. নির্বাচনি সহযোগিতা স্থগিতের আহবান: চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত করার আহ্বান জানাচ্ছি। ২. মানবাধিকার সমুন্নত রাখার অনুরোধ: এছাড়া সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ তাদের চিঠিতে বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনকে ঘিরে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে। তাদের দাবি, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়। এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন