সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১০:৫৮ পিএম

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এসব তথ্য জানিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য মোট ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকা নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে বর্তমানে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।

প্রসঙ্গত, ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ প্রণয়ন করে পুরনো সেই নিবন্ধনগুলো বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

ইসি জানিয়েছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে, পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছিল।

নতুন নীতিমালা এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) -তে পাওয়া যাচ্ছে।